খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট: ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিচালনা
- আপডেট: ১২:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট: ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিচালনা
মোঃ রবিউল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি::
সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সোসাইটির মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালামের নেতৃত্বে ব্যবস্থাপনা পর্ষদের একটি প্রতিনিধি দল আজ ১৮ জুলাই বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে ১৫০ জন দুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি শুকনো খাবার বিতরণ করেছেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও খাগড়াছড়ি পৌর প্রশাসক রুমানা আক্তার।
ত্রাণ কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে বিতরণ কেন্দ্রে একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও মিডওয়াইফরা দুর্গত এলাকার রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করেন। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের মানসিক প্রশান্তির জন্য বিশেষ মনো-সামাজিক সহায়তা (Psychosocial Support) প্রদান করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সাতদিন জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ শেষে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম ও ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা খাগড়াছড়ি সার্কিট হাউজে মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূইয়া, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে চলমান বন্যা পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে বিশদ আলোচনা করেন।
সফরের শেষ পর্যায়ে প্রতিনিধি দলটি রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিট অফিস পরিদর্শন করেন। পরিদর্শনে ইউনিটের কাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম। তিনি চলতি বছর খাগড়াছড়িতে আয়োজিতব্য ‘পার্বত্য যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প’ সফল করতে ইউনিটিকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। সবশেষে, রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে সফল করতে পার্বত্য জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান দুলাল হোসেন, সেক্রেটারি মোঃ আবদুল মজিদ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ইউনিট অফিসার, যুব রেড ক্রিসেন্ট সদস্য, আজীবন সদস্যসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





















