খাগড়াছড়ি’র পানছড়িতে ব্রাশফায়ার; তিন যুবকের মৃত্যু, এলাকায় থমথমে পরিস্থিতি
- আপডেট: ০৮:০১:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ১৫
খাগড়াছড়ি’র পানছড়িতে ব্রাশফায়ার; তিন যুবকের মৃত্যু, এলাকায় থমথমে পরিস্থিতি
নিজস্ব প্রতিবেদক, (খাগড়াছড়ি) সংবাদদাতা::
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে তিন জন নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মধুমঙ্গল পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা পাহাড়ি আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ওই তিন যুবক বাজার থেকে ফেরার পথে মধুমঙ্গল পাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষ তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু নিশ্চিত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তবে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার কারণ ও কারা এর সাথে জড়িত, তা তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে।
এদিকে, এই হত্যাকাণ্ডের পর পুরো মধুমঙ্গল এলাকায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে।











