জেনেভা থেকে হেগ: আন্তর্জাতিক অংশীদারত্বের সন্ধানে সিএইচআরএসডি প্রতিনিধিদল
- আপডেট: ০২:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ৬৫
জেনেভা থেকে হেগ: আন্তর্জাতিক অংশীদারত্বের সন্ধানে সিএইচআরএসডি প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২৫ নভেম্বর ২০২৬
জাতিসংঘের ব্যবসা ও মানবাধিকারবিষয়ক ১৫তম ফোরামে অংশ নিচ্ছে বাংলাদেশের বেসরকারি সংস্থা সেন্টার ফর হিউম্যানিটারিয়ান রিসার্চ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট (সিএইচআরএসডি) ফাউন্ডেশন। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয় প্যালেস দে নাসিওঁতে (Palais des Nations) ২৩ নভেম্বর শুরু হওয়া এ ফোরাম ২৫ নভেম্বর শেষ হচ্ছে। সংস্থাটির দুই সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী পরিচালক এম এ রামিম। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন সংস্থার মহাসচিব মো. মোতালেব হোসেন।
জাতিসংঘের ব্যবসা ও মানবাধিকারবিষয়ক ওয়ার্কিং গ্রুপ প্রতিবছর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (OHCHR) সহযোগিতায় এ ফোরামের আয়োজন করে। এতে বিভিন্ন দেশের সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। ফোরামে ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট মানবাধিকার চ্যালেঞ্জ এবং ব্যবসা ও মানবাধিকারবিষয়ক জাতিসংঘের পথনির্দেশক নীতিমালা (UN Guiding Principles on Business and Human Rights—UNGPs) বাস্তবায়নের অগ্রগতি ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়।
এবারের ফোরামের প্রতিপাদ্য “UNGPs at 15: Building on Gains, Confronting Gaps, Reimagining the Future”। অর্থাৎ, ইউএনজিপির ১৫ বছরের অর্জনকে এগিয়ে নেওয়া, বাস্তবায়নের ঘাটতিগুলো মোকাবিলা করা এবং ভবিষ্যতের কর্মপন্থা নতুনভাবে নির্ধারণ করা। ২০১১ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এই নীতিমালা অনুমোদন করে। ব্যবসায়িক কর্মকাণ্ডের কারণে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতিকারের সুযোগ তৈরিতে রাষ্ট্র ও ব্যবসাপ্রতিষ্ঠানের দায়িত্ব নির্ধারণে এই নীতিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফোরামের অংশ হিসেবে সিএইচআরএসডি ফাউন্ডেশনের মহাসচিব মো. মোতালেব হোসেন জাতিসংঘের ব্যবসা ও মানবাধিকারবিষয়ক ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান রবার্ট ম্যাককরকুয়েডেলের (Robert McCorquodale) সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এবারের ফোরামের প্রতিপাদ্য, ব্যবসায়িক কর্মকাণ্ডে মানবাধিকার সুরক্ষা এবং ইউএনজিপি বাস্তবায়নের অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়।
আলোচনায় এবারের প্রতিপাদ্যের বৈশ্বিক গুরুত্ব এবং ব্যবসা ও মানবাধিকারের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো গুরুত্ব পায়। তৈরি পোশাকশিল্পসহ রপ্তানিনির্ভর বিভিন্ন খাতের কারণে বাংলাদেশ বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের গুরুত্বপূর্ণ অংশ। ফলে এসব খাতে শ্রমিকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ, শ্রম অধিকার এবং ব্যবসাপ্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
সিএইচআরএসডি ফাউন্ডেশন এর মহাসচিব মোঃ মোতালেব হোসেন জানিয়েছে, আন্তর্জাতিক এ ফোরামে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যোগাযোগ তৈরি, অভিজ্ঞতা বিনিময় এবং নতুন ধারণা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। এসব অভিজ্ঞতা বাংলাদেশে শ্রমিক কল্যাণ, শ্রম অধিকার ও মানবাধিকারবিষয়ক গবেষণা এবং অ্যাডভোকেসি কার্যক্রমে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
জেনেভায় ফোরামে অংশগ্রহণ শেষে প্রতিনিধিদলটি নেদারল্যান্ডসের দ্য হেগ সফর করবে। আগামী ১ ডিসেম্বর জাস্টিস অ্যান্ড পিস নেদারল্যান্ডসের (Justice & Peace Netherlands) প্রতিনিধিদের সঙ্গে সিএইচআরএসডি ফাউন্ডেশনের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য ওই বৈঠকে জাস্টিস অ্যান্ড পিস নেদারল্যান্ডসের কার্যক্রম, বিশেষ করে মানবাধিকারকর্মীদের সহায়তা, সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে তাদের উদ্যোগ সম্পর্কে জানার সুযোগ থাকবে। পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় এবং বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরের পরবর্তী কার্যক্রম ও বৈঠকের অগ্রগতি সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সিএইচআরএসডি ফাউন্ডেশন।
সিএইচআরএসডি ফাউন্ডেশন সম্পর্কে
সেন্টার ফর হিউম্যানিটারিয়ান রিসার্চ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট (সিএইচআরএসডি) ফাউন্ডেশন বাংলাদেশের একটি বেসরকারি সংস্থা। সংস্থাটি মানবাধিকার, শ্রমিক কল্যাণ, শ্রম অধিকার, মানবিক গবেষণা, সামাজিক উন্নয়ন এবং নীতিনির্ধারণী পর্যায়ে অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে। গবেষণা, সচেতনতা, সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে সংস্থাটি।





















