বয়স্কদের স্বাস্থ্যসেবা, সিপিআর ও বয়সবান্ধব পরিবেশ তৈরিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট: ০৭:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ০
বয়স্কদের স্বাস্থ্যসেবা, সিপিআর ও বয়সবান্ধব পরিবেশ তৈরিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
প্রতিবেদকঃ মোঃ মাহফুজুর রহমান।।
‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বয়স্কদের স্বাস্থ্যসেবা, সুরক্ষা এবং “সিপিআর” বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বয়স্ক দিবস উপলক্ষে রাজধানীর বসিলায় অবস্থিত রুফাইদা কলেজ অব নার্সিং -এ কর্মশালার যৌথ আয়োজন করে ‘বাংলাদেশ জেরিয়াট্রিক নার্সেস সোসাইটি’ এবং ‘রুফাইদা কলেজ অব নার্সিং’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (শিক্ষা, অর্থ ও বাজেট) এবং উপ-সচিব নাহিদ-উল-মোস্তাক। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি বাংলাদেশ জেরিয়াট্রিক নার্সেস সোসাইটির প্রথম অফিসিয়াল নিউজলেটার -এর মোড়ক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন।
বাংলাদেশ জেরিয়াট্রিক নার্সেস সোসাইটির সভাপতি ড. মাহাবুবা আফরিন (পিএইচডি, আরএন) জাপানে অবস্থানরত থেকেও পুরো কর্মশালার পরিকল্পনা, মূল পরিচালনা ও দূরবর্তী সমন্বয়ের মূল দায়িত্ব পালন করেন। এক বাণীতে তিনি আয়োজনের সাফল্য কামনা করার পাশাপাশি উল্লেখ করেন যে, বাংলাদেশে বয়স্কদের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা এবং নার্সদের দক্ষ করে তোলার ক্ষেত্রে এ ধরনের বিশেষায়িত প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্মশালায় “নারী ও পুরুষের দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য সুরক্ষামূলক ব্যবস্থা” শীর্ষক বিষয়ের ওপর প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সিনিয়র ফ্যাকাল্টি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার।
পরবর্তীতে “বয়সবান্ধব কমিউনিটি: এমন পরিবেশ তৈরি করা, যেখানে বয়স্ক ব্যক্তিরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেন” শীর্ষক একটি প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়। উক্ত সেশনে স্পিকার হিসেবে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের নিবন্ধিত নার্স ও কোয়ালিটি অ্যান্ড ট্রেনিং ইন্সট্রাক্টর চেলসিয়া বানী বাড়ৈ এবং কুয়েতের আল আমিরি হাসপাতালের অপারেশন রুম নার্স ও ইউএস নিবন্ধিত নার্স মোহাম্মদ সালাউদ্দিন । সেশনটি সঞ্চালনা ও মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলাদেশ জেরিয়াট্রিক নার্সেস সোসাইটির পাবলিসিটি সেক্রেটারি এবং জাপানের হিরোশিমা ইউনিভার্সিটির পিএইচডি গবেষক সালমা আকতার।
এছাড়া আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সাবেক এসিএলএস ও বিএলএস ট্রেইনার মো. শাহীন রেজা কার্ডিওপালমোনারি রেসাসিটেশন (সিপিআর) বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করেন এবং অংশগ্রহণকারীদের সরাসরি হাতেনাতে সিপিআর প্রশিক্ষণ প্রদান করেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণ ও কর্মশালায় রুফাইদা কলেজ অব নার্সিংয়ের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নার্সিং কর্মকর্তারা অংশগ্রহণ করেন।














