ইসলাম অবমাননার অভিযোগে ব্লগারের বিরুদ্ধে মামলা আমলে নিলেন আদালত
- আপডেট: ০২:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- / ০
ইসলাম অবমাননার অভিযোগে ব্লগারের বিরুদ্ধে মামলা আমলে নিলেন আদালত
ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অনলাইনে অবমাননাকর মন্তব্য প্রকাশের অভিযোগে লেখক ও ব্লগার মুসা আহমেদ জায়গীরদারের বিরুদ্ধে দায়ের করা মামলা আমলে নিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ডিবির (শাহবাগ আমলী) তদন্ত শাখাকে।
৫ অক্টোবর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৫ নম্বর আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। মামলাটি বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯৫ ও ২৯৮ ধারায় দায়ের করা হয়েছে। এর নথি নম্বর সি.আর.-৪১৪/২০২৬।
মামলার বাদী আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ, মুসা আহমেদ জায়গীরদার তাঁর ব্যক্তিগত ওয়েবসাইট ও টুইটার/এক্স অ্যাকাউন্টে ইসলাম ধর্ম এবং মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর ও বিদ্রূপাত্মক বক্তব্য প্রকাশ করেছেন। এসব বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
আদালতসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অভিযুক্তের অনলাইন প্রকাশনায় ইসলাম ধর্ম ও নবী-রাসূলদের সম্পর্কে আক্রমণাত্মক ও আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগ রয়েছে।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মামলার পরবর্তী শুনানি এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য রয়েছে।

















