তুরস্কের সহায়তায় সাংবাদিক শহিদুল আলমের মুক্তির চেষ্টা
- আপডেট: ০২:৪৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
- / ২১৪
ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক ও আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রদূত বলেন, তুর্কি সরকার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে। আজ শুক্রবারের মধ্যেই বিশেষ বিমানে শহিদুল আলমকে আঙ্কারায় আনার সম্ভাবনা রয়েছে। তবে এখনো বিষয়টি শতভাগ নিশ্চিত করা যায়নি।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এরই অংশ হিসেবে শহিদুল আলমের মুক্তির ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব না হলেও, তৃতীয় দেশের মাধ্যমে আলোচনার অগ্রগতি হয়েছে। তুরস্কের মধ্যস্থতায় সমাধান আসতে পারে বলে আশা করা হচ্ছে।”
স্মরণ করা যায়, গত সপ্তাহে গাজা উপত্যকার কাছে একটি মানবিক সহায়তা বহরে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনকালে শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনী আটক করে। তার মুক্তির দাবিতে দেশে-বিদেশে মানবাধিকার সংগঠন ও সাংবাদিক সমাজের মধ্যে প্রতিবাদ ও উদ্বেগের সৃষ্টি হয়।




















