কালবৈশাখীর তাণ্ডবে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ
- আপডেট: ০৯:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ২
কালবৈশাখীর তাণ্ডবে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক:
হঠাৎ কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ দুই নৌরুট—পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার (৬ মে) বিকেল ৫টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেল ৪টার পর থেকেই আকাশে ঘন মেঘ জমে ওঠে। অল্প সময়ের মধ্যেই শুরু হয় তীব্র ঝড় ও বৃষ্টি। দমকা হাওয়ায় নদীপথে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বর্তমানে সংশ্লিষ্ট রুটে চলাচলকারী ফেরিগুলোকে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা ও কাজীরহাট ঘাটে নিরাপদে নোঙর করে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক সালাম মিয়া বলেন, “ঝড়-বৃষ্টি থেমে পরিস্থিতি স্বাভাবিক হলেই পুনরায় ফেরি ও নৌযান চলাচল শুরু করা হবে।” একই তথ্য জানিয়েছেন আরিচা কার্যালয়ের ডিজিএম আব্দুস সালাম।
এদিকে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কারণে লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন লঞ্চঘাট সংশ্লিষ্টরা। তারা বলছেন, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ধৈর্য ধরে অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই।
উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পণ্য পরিবহনে সাময়িক ভোগান্তি তৈরি হলেও নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।











