গুইমারায় দুই গ্রুপের গোলাগুলি; অস্ত্র ও নথিপত্রসহ ইউপিডিএফ কমান্ডার আটক
- আপডেট: ০৩:২৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১
গুইমারায় দুই গ্রুপের গোলাগুলি; অস্ত্র ও নথিপত্রসহ ইউপিডিএফ কমান্ডার আটক
(খাগড়াছড়ি) সংবাদদাতা::
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি জোনের পাইনছং এলাকায় দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। অভিযানে গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ (মূল)-এর এক পোস্ট কমান্ডারকে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক ওই ব্যক্তির নাম জিমিত চাকমা।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের একটি বিশেষ টহল দল এলাকাটিতে অভিযান চালায়। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি-এর নেতৃত্বে দুর্গম পাহাড়ে প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে জিমিত চাকমাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। সেনাবাহিনী তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, দুটি দেশীয় পিস্তল ও এক রাউন্ড কার্তুজসহ ম্যাগাজিন। চাঁদা আদায়ের রেজিস্টার, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ইউপিডিএফের পতাকা ও ব্যানার।
প্রিন্টার, লেমিনেটিং মেশিন ও দুটি মোবাইল ফোন।
নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, জিমিত চাকমা গত বছর খাগড়াছড়িতে সংগঠিত ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। এছাড়া রামসু বাজার সহিংসতা ও তিন উপজাতি হত্যাকাণ্ডের ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজিসহ একাধিক ফৌজদারি মামলা চলমান রয়েছে। প্রাথমিক চিকিৎসা ও জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গুইমারা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।




















