কলাপাড়ার মার্কেটে সাপ আতঙ্ক, জীবিত উদ্ধার করে বনে অবমুক্তের উদ্যোগ,,,
- আপডেট: ১১:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ২৫
কলাপাড়ার মার্কেটে সাপ আতঙ্ক, জীবিত উদ্ধার করে বনে অবমুক্তের উদ্যোগ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: এনিমেল লাভারস অফ পটুয়াখালী-এর কলাপাড়া শাখার সদস্যরা একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে জীবিত সাপ উদ্ধার করেছেন। সোমবার রাত ৯টার দিকে পৌর শহরের সাপ্লাই অ্যান্ড সেল সোসাইটি মার্কেটের ফারদিন ফ্যাশন হাউজ থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সারাদিনের কর্মব্যস্ততা শেষে ব্যবসায়ীরা কেউ হিসাব-নিকাশ গুছাচ্ছিলেন, কেউবা শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই ফারদিন ফ্যাশন হাউজের ভেতরে সাপটি দেখতে পান কয়েকজন। বিষয়টি বুঝতে পেরে প্রতিষ্ঠানের মালিক মো. আল আমিন খান সবাইকে দ্রুত সরে যেতে বলেন। মুহূর্তেই মার্কেটজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক; ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সৃষ্টি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি।
খবর পেয়ে এনিমেল লাভারস অফ পটুয়াখালী-এর কলাপাড়া শাখার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।
প্রতিষ্ঠানের মালিক মো. আল আমিন খান জানান, সাপটি কোথা থেকে বা কীভাবে দোকানে ঢুকেছে তা তিনি বলতে পারেননি।
সংগঠনের সদস্য বাইজিদ মুন্সি বলেন, উদ্ধার করা সাপটি সাধারণ প্রজাতির, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সাপটিকে বনে অবমুক্ত করা হবে।
এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক তৈরি হলেও দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।










