খাগড়াছড়ির লোগাংয়ে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিল সেনাবাহিনী; বিপুল গোলাবারুদ উদ্ধার
- আপডেট: ১১:৩৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ২
খাগড়াছড়ির লোগাংয়ে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দিল সেনাবাহিনী; বিপুল গোলাবারুদ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির লোগাং ইউনিয়নের ব্যাঙ্গাপাড়া এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর একটি গোপন আস্তানা ধ্বংস করেছে সেনাবাহিনী। বুধবার (১ জুলাই) বিকেলে পরিচালিত বিশেষ এই অভিযানে ৫২ রাউন্ড এফসিসি (FCC) গোলাবারুদসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১টা থেকে ১টা ১৫ মিনিটের মধ্যে ব্যাঙ্গাপাড়া এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর অভ্যন্তরীণ বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটে। এই তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি সদর জোনের পানছড়ি ক্যাম্পের একটি বিশেষ টহল দল বিকেল ৩টা ৪৫ মিনিটে ওই এলাকায় অভিযান শুরু করে। রাত ৮টা পর্যন্ত চলা এই অভিযানে দুর্গম জঙ্গলের ভেতরে সন্ত্রাসীদের গোপন আস্তানাটির সন্ধান পাওয়া যায়।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পিছু হটে গভীর অরণ্যে পালিয়ে যায়। এরপর সেনাবাহিনী আস্তানায় তল্লাশি চালিয়ে ৫২ রাউন্ড এফসিসি (FCC) গোলাবারুদ, এলআরপি তাবু, রান্নার সরঞ্জাম (কলসি ও পাতিল), এবং প্রয়োজনীয় ওষুধপত্র উদ্ধার করে। অভিযান শেষে আস্তানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় সেনা সদস্যরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আশ্বস্ত করেন। স্থানীয়রা জানান, পাহাড়ি এলাকায় এ ধরনের কঠোর অভিযানে তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে কঠোর বার্তা দিয়ে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের যে কোনো অবৈধ কর্মকাণ্ড দমনে এ ধরনের গোয়েন্দা-ভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











