কলাপাড়ায় মাছের ঘেরে পানি দিতে গিয়ে প্রাণ গেল নুরুল ইসলাম ফকিরের
- আপডেট: ১২:০০:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ২৩
কলাপাড়ায় মাছের ঘেরে পানি দিতে গিয়ে প্রাণ গেল নুরুল ইসলাম ফকিরের
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল ইসলাম ফকির (৫৮) নামে এক শ্রমজীবী ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) উপজেলার ৫ নং নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর বাজারসংলগ্ন সদরপুর গ্রামে বেড়িবাঁধের পাশে নিজের মাছের ঘের ও সবজির জমিতে পানি দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল ইসলাম ফকির নিজের মাছের ঘের ও সবজির জমিতে পানি সরবরাহের জন্য বৈদ্যুতিক মোটর চালাতে যান। এ সময় তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পাশের মাছের ঘেরে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। এ সময় কলাপাড়া থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
একজন শ্রমজীবী মানুষের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনেরা শোকাহত। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় গভীর শোক বিরাজ করছে।
তবে কীভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, বৈদ্যুতিক মোটর কিংবা সংযোগের তারে কোনো ত্রুটি ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
















