বিজয়নগরে চাঁদা না দেওয়ায় সুপারভাইজারের উপর হামলা : ঘটনায় ৪ জন আটক
- আপডেট: ১০:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ৯
বিজয়নগরে চাঁদা না দেওয়ায় সুপারভাইজারের উপর হামলা : ঘটনায় ৪ জন আটক
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিজয়নগরে চাঁদা না দেওয়ায় এক সুপারভাইজারকে হামলা গুরুতর জখম ও নগদ টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, মো. ফারুক হোসেন, পিতা হারিস মিয়া, স্থায়ী ঠিকানা টঙ্গী স্টেশন রোড, গাজীপুর। তিনি ঢাকার ২০৪ বিজয় নগর, আজিজ কো-অপারেটিভ মার্কেটস্থ সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মীরের বাজার সেন্টারের সুপারভাইজার হিসেবে কর্মরত।
অভিযোগে উল্লেখ করা হয়, গত কিছুদিন ধরে সালাউদ্দিন মোহাম্মদ নোমান, মো. মোস্তফা, আমীর খসরু, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, মোরশেদ আলম, কামাল হোসেনসহ আরও ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তি তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও মানসিক চাপ প্রয়োগ করা হয়।
এজাহারে আরও বলা হয়, গত ১৬ এপ্রিল ২০২৬ বিকাল আনুমানিক ৫টার দিকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সমিতির প্রধান কার্যালয়ে গেলে অভিযুক্তরা তাকে ঘিরে ফেলে এবং এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রধান অভিযুক্ত সালাউদ্দিন মোহাম্মদ নোমান চাপাতি দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি ডান হাত দিয়ে ঠেকাতে গেলে তার কবজিতে গুরুতর কাটা জখম হয়। এছাড়া অন্যান্য অভিযুক্তরা লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে আহত করে। অভিযোগে আরও বলা হয়, হামলার সময় তার কাছ থেকে প্রায় ৫ হাজার টাকা, একটি বাটন মোবাইল ফোন এবং মানিব্যাগে থাকা ৭০০-৮০০ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এদিকে, এ ঘটনায় অভিযান চালিয়ে শাহবাগ থানা পুলিশ ৪ জনকে আটক করেছে বলে জানা গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।













