নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে খাগড়াছড়িতে ৩ জন গ্রেপ্তার
- আপডেট: ০৭:২১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ০
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে খাগড়াছড়িতে ৩ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি: (খাগড়াছড়ি)
খাগড়াছড়ি সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন ২০২৬ বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার গুগড়াছড়ি বাজার এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারে অভিযান চালিয়ে ১১ জুন সন্ধ্যায় মহালছড়ি থানা পুলিশের সহযোগিতায় মহালছড়ি এলাকা থেকে চাইহ্লাঅং মগ (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি মহালছড়ি সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
একই দিন রাত সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার গামারীঢালা এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণের অভিযোগে মোঃ মুজিবুর রহমান ওরফে মুজিবর রহমান (৪৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয়ভাবে সাবেক কৃষকলীগের সদস্য হিসেবে পরিচিত।
এছাড়া ১২ জুন দিবাগত রাত আড়াইটার দিকে শালবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ সাদেব ওরফে ছাদেক ভূইয়া (৫০) কে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ৬ নম্বর পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলার বিষয়েও প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











