ফ্যাসিস্ট সরকার একটি ফোকলা অর্থনীতি রেখে গেছে: এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
- আপডেট: ১১:৩৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১
ফ্যাসিস্ট সরকার একটি ফোকলা অর্থনীতি রেখে গেছে: এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মো. মোতালেব হোসেন, মুন্সীগঞ্জ:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ফ্যাসিস্ট সরকার দেশের জন্য একটি ফোকলা অর্থনীতি রেখে গেছে। বর্তমান সরকার সেই অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে। প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই একটি সুপরিকল্পিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।”
শনিবার দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকায় কাঠের পুল ও উত্তর ইসলামপুর কবরস্থান পরিদর্শন শেষে মুন্সীগঞ্জ সার্কিট হাউজে জেলার অবকাঠামোগত উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “বর্তমান বাজেটে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি শিক্ষার ভিত্তি মজবুত করার উদ্যোগ নিয়েছেন, যাতে দেশের মেধাবিকাশ আরও শক্তিশালী হয়।”
তিনি বলেন, “মুন্সীগঞ্জ জ্ঞান ও কৃতী মানুষের জেলা। এ জেলারই কৃতী সন্তান বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু বিশ্বব্যাপী সম্মানিত। শিক্ষা, জ্ঞান ও উদ্ভাবনের ঐতিহ্যকে কাজে লাগিয়ে মুন্সীগঞ্জকে আরও এগিয়ে নিতে হবে।”
মুন্সীগঞ্জের অবকাঠামোগত ও অর্থনৈতিক সম্ভাবনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “এ জেলার মানুষের ব্যবসায়িক দক্ষতা ও অর্থনৈতিক সক্ষমতার কোনো ঘাটতি নেই। এখানে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মুন্সীগঞ্জের উন্নয়নে সম্ভাব্য প্রকল্প ও পরিকল্পনার একটি সুসংগঠিত প্রস্তাবনা তৈরি করুন। যৌক্তিক ও জনকল্যাণমূলক প্রস্তাবগুলো সরকার অনুমোদনের বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করবে।”
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল্লাহ, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছাঃ তাহসিনা রুশদী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিন, মাহমুদা হাবীবা, মমতাজ আলো, সানজিদা ইসলাম ও মোসাম্মৎ শাম্মী আক্তার।
এছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. ইরাদত মানুসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।















