পানি ব্যবস্থাপনায় বড় উদ্যোগ: ২০ হাজার কিঃমিঃ খাল খননে উদ্বোধনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আপডেট: ০৯:১৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ২০
খাল খনন কর্মসূচির উদ্বোধনে চাঁদপুর-ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ২০ হাজার কিমি পুনঃখনন
নিজস্ব প্রতিবেদক:
দেশের পানি ব্যবস্থাপনা ও কৃষি অবকাঠামো উন্নয়নে বড় কর্মসূচি সামনে রেখে আগামী শনিবার (১৬ মে) চাঁদপুর এবং সোমবার (২৫ মে) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে সরকারের বহুল আলোচিত খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়নে ২০ হাজার কিলোমিটার খাল খননের বিশাল লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে এবং ইতোমধ্যে মাঠ পর্যায়ে কাজ এগিয়ে চলছে।
সরকারের এই উদ্যোগকে কৃষি উৎপাদন বৃদ্ধি ও নদী ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন এবং সেচ ব্যবস্থাকে কার্যকর করা এই প্রকল্পের মূল লক্ষ্য।
বৈঠকে দেশের গুরুত্বপূর্ণ প্রকল্প পদ্মা ব্যারেজ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, “পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব শিগগিরই এটি একনেকে উপস্থাপন করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানিপ্রবাহ স্বাভাবিক হবে এবং লবণাক্ততা কমে আসবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
এদিকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকারভিত্তিক কাজ নির্ধারণ করে বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানান মন্ত্রী।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের পানি ব্যবস্থাপনাকে আরও টেকসই করা হবে। বিশেষজ্ঞদের মতে, বৃহৎ অবকাঠামো প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি ও কৃষি খাতে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আসবে।
















