সালমান শাহ হত্যা মামলা পুনঃতদন্তের নির্দেশ, আলোচনায় আবারও ডনের সাক্ষাৎকার
- আপডেট: ০৯:০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ১৬৭
বিনোদন প্রতিবেদক:
বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য আবারও নতুন করে আলোচনায় এসেছে। আদালত তার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন।
এই মামলার ৪ নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন, আর প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিদের মধ্যে রয়েছেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি (মেফিয়ার বিউটি সেন্টার), আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।
প্রায় পাঁচ বছর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে জানিয়েছিল, এটি কোনো হত্যা নয়, বরং আত্মহত্যা। তখন ডন প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন,
“আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।”
তবে আদালতের নতুন তদন্ত নির্দেশের পর আবারও ভাইরাল হয়েছে ডনের একটি পুরোনো সাক্ষাৎকার। উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় টকশো ‘সেন্স অব হিউমার’-এ অংশ নিয়ে সালমান শাহ ও সামিরা প্রসঙ্গে খোলামেলা কথা বলেছিলেন তিনি।
সাক্ষাৎকারে জয় সরাসরি প্রশ্ন করেছিলেন—
“সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারেন—ওনার মা, না স্ত্রী?”
প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরে ডন বলেন,
“আমি সালমানের স্ত্রী সামিরার মধ্যে কোনো দোষ দেখিনি। সালমানের সঙ্গে সামিরার যেরকম প্রেম ছিল, জীবনে এমন প্রেম দেখিনি।”
জয়ের প্রশ্নে আবারও ডন স্পষ্টভাবে বলেন,
“আমি তো দেখিনি কোনো দোষ।”
তিনি আরও জানান, জীবনের শেষ দিকে সালমান শাহ ছিলেন মানসিকভাবে চরম অস্থির। ডনের ভাষায়,
“সালমান শাহ একজন সুপারস্টার হয়েও এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকা সত্ত্বেও ছয়-সাত মাস ধরে তাকে আমি কখনো স্থির দেখিনি। ওর মধ্যে গভীর মানসিক অস্থিরতা ছিল।”
সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পরও রহস্যের জট খোলেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রশ্ন ও বিতর্কে জড়িয়ে যাচ্ছে তার মৃত্যু—যেখানে আজও আলোচনায় সেই চিরচেনা নাম সামিরা হক।














