বিজয়ের উল্লাস নয়, খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল: পটুয়াখালী-৪’র এমপি মোশাররফ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
বিজয়ের আনন্দঘন মুহূর্তেও কোনো মিছিল বা শোভাযাত্রা না করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছেন পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য।
শুক্রবার জুম্মার নামাজ শেষে কলাপাড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে উপজেলার প্রায় তিনশতাধিক মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সিকদার ও গাজী মো. সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে প্রয়াত নেত্রীর রুহের মাগফেরাত কামনার পাশাপাশি বিএনপির সাফল্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ শেষে এমপি এবিএম মোশাররফ হোসেন বলেন, “এ বিজয় সমগ্র কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার মানুষের। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। আল্লাহর রহমতে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। সকলে দোয়া করবেন, যেন আমি প্রকৃত অর্থে জনগণের এমপি হতে পারি।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন ১ লাখ ২৩ হাজার ৩৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯ হাজার ৭৭৬ ভোট।









