গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ঘর পুড়ে ছাই
- আপডেট: ১০:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / ১৯৫
ইমরান মাতুব্বর | গোপালগঞ্জ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মেহেদী হাসান জানান, মৃত সুভাস বিশ্বাসের ছেলে সুশান্ত বিশ্বাসের টিনশেড ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে সুশান্ত বিশ্বাসের ঘরসহ পাশে থাকা আরও একটি বসতঘর পুড়ে যায়।
পরে খবর পেয়ে মুকসুদপুর ও টেকেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি; তবে সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত সুশান্ত বিশ্বাস বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। সবকিছু পুড়ে গেছে, এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে।”

















