কলাপাড়ায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ৫ জেলে আটক করেছে কোস্ট গার্ড,,
- আপডেট: ০৫:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ১৪৬
মোঃ আল আমিন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়ার চান্দুপাড়া সংলগ্ন এলাকায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ব্যবহার ও নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অভিযোগে পাঁচ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন আন্দারমানিকের টিম গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং প্রায় ২ লাখ টাকা মূল্যের দুটি ট্রলিং জাল জব্দ করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বোট থেকে সকল ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত বোট, জাল এবং আটককৃত পাঁচ জেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড আগামী দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।












