দাউদকান্দিতে ভাতা বাণিজ্যের অভিযোগে কাইয়ুম মেম্বার বিতর্কের কেন্দ্রে,,,,,দৈনিক বর্তমান কথা
- আপডেট: ০৬:১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ১০৯
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি বয়স্কভাতা, বিধবাভাতা ও গর্ভবতীভাতা করে দেওয়ার আশ্বাস দিয়ে অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
অসহায়দের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ
ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি ভাতাভোগীর তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে কাইয়ুম মেম্বার দীর্ঘদিন ধরে টাকা নিচ্ছেন। কেউ টাকা দেওয়ার পরও ভাতা না পেয়ে হতাশ হয়েছেন। কিন্তু প্রভাব খাটিয়ে তিনি এখনও বহাল তবিয়তে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
দৌলতপুর গ্রামের এক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদেরকে ভাতা করে দেওয়ার কথা বলে তিন হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু এক বছর হয়ে গেলো, কোনো ভাতা তো পাইনি, উল্টো টাকা ফেরত চাইতে গেলে গালাগাল করেন।”
প্রশাসনের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ
এ নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, অসহায় মানুষের ভাগ্যের সঙ্গে ব্যবসা করছেন কাইয়ুম মেম্বার। স্থানীয় সচেতন মহল বলছে, প্রশাসনের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
দ্রুত তদন্তের দাবি
এলাকাবাসী অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের প্রতি জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, সরকারি ভাতার মতো স্পর্শকাতর বিষয়ে অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না।











