চবি চাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে জয়ী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা
- আপডেট: ০৯:৪৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ১২৪
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ও জিএস পদে সাঈদ বিন হাবিব ও ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১৪টি হল ও একটি হোস্টেলের ভোট গণনা শেষে অনানুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।
ফলাফলে দেখা যায়, ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর প্রার্থী ইব্রাহিম হোসেন রনি ভিপি পদে ৭ হাজার ২২১ ভোট এবং সাঈদ বিন হাবিব জিএস পদে ৭ হাজার ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক ৬ হাজার ৪৪১ ভোট পেয়ে এজিএস পদে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হয় ভোট গণনা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এবারের নির্বাচনে প্রায় ২৭ হাজার ৫১৬ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন।
চাকসুর কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪১৫ জন প্রার্থী। এছাড়া ১৪টি হল ও একটি হোস্টেলে প্রার্থী হয়েছেন আরও ৪৯৩ জন। মোট প্রার্থী সংখ্যা ৯০৮।
চলতি নির্বাচনে অংশ নিয়েছে মোট ১৩টি প্যানেল। এর মধ্যে রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির-সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’, বামপন্থী ও প্রগতিশীল সংগঠনসমূহের ‘দ্রোহ পর্ষদ’, স্টুডেন্ট’স অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি, এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘বৈচিত্র্যের ঐক্য’।















