সাভারে ছাত্র হত্যা মামলার আসামি তারেক মিয়া আটক,,
- আপডেট: ০৩:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ৪৭
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি তারেক মিয়া আটক।
মোঃ বাহারুল ইসলাম।
সাভারে বহুল আলোচিত ছাত্র হত্যা মামলা ও একাধিক অপরাধের আসামি তারেক মিয়াকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ সকালে সাভার উপজেলার কলমা এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে। পরে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওহাব মিয়ার মাধ্যমে তারেক মিয়াকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে সংঘটিত একাধিক হত্যা ও অস্ত্র মামলার অন্যতম আসামি হলেন তারেক মিয়া। তিনি বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারেক মিয়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে তাকে ঘেরাও করে আটক করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ ওহাব মিয়া বলেন,
স্থানীয়দের সহায়তায় আসামি তারেক মিয়াকে আটক করে থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা, ধর্ষণ ও অস্ত্র আইনের মামলা রয়েছে।
পুলিশের তথ্যমতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতা গুলিতে নিহত হয়। নিহতদের পরিবার পরবর্তীতে সাভার মডেল থানা ও আদালতে একাধিক মামলা দায়ের করে। সেইসব মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে অন্যতম তারেক মিয়া।










