মধ্যরাতে রামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান – জরিমানা ১ লাখ টাকা!
- আপডেট: ০৪:৪৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ৩১২
মধ্যরাতে রামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান – জরিমানা ১ লাখ টাকা!
রবিউল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ৫নং ওয়ার্ডের বৈদ্যটিলায় মধ্যরাতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পরিচালিত এ অভিযানে, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ) লঙ্ঘনের দায়ে মোঃ আরিফ উদ্দিন নামের ওই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম। গোপন সংবাদের ভিত্তিতে তিনি রাতের আঁধারে এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, “দীর্ঘদিন ধরে একটি চক্র রাতের বেলায় অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এটি শুধু পরিবেশ নয়, মানুষের জীবন ও সম্পদের জন্যও ভয়াবহ ঝুঁকি তৈরি করছে। অনিয়ন্ত্রিত পাহাড় কাটার ফলে পাহাড় ধসের আশঙ্কা বাড়ছে এবং ইতোমধ্যে এমন ঘটনায় প্রাণহানিও ঘটেছে।”
তিনি আরও বলেন, “অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’। যারা এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”






















