জুলাই গণআন্দোলনে রাসেল হত্যা: শেখ হাসিনাসহ শতাধিকের বিরুদ্ধে ঢাকার আদালতে নালিশি হত্যা মামলা
- আপডেট: ০৯:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ২৯
জুলাই গণআন্দোলনে রাসেল হত্যা: শেখ হাসিনাসহ শতাধিকের বিরুদ্ধে ঢাকার আদালতে নালিশি হত্যা মামলা
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মো. রাসেল নামে এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী ও সমর্থকের বিরুদ্ধে ঢাকার আদালতে একটি নালিশি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী সারদার সেলিম আলী। তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটি সি.আর. মামলা নং-২৮৪/২০২৬ হিসেবে নথিভুক্ত হয়েছে। এতে ফৌজদারি দণ্ডবিধি, ১৮৬০-এর ১০৯, ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার শুনানি অনুষ্ঠিত হয় আদালতের ১৫ নম্বর কক্ষে। সংশ্লিষ্ট থানা শাহবাগ।
আদালতের নথি অনুযায়ী, মামলায় ৩৫০ জন নামীয় আসামি এবং ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা আসামিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও অর্থদাতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে শাহবাগ থানাধীন বাংলা মোটর ওভারব্রিজের পশ্চিম পাশে চলমান ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশ্যে আসামিদের নির্দেশ, প্ররোচনা ও অভিন্ন অভিপ্রায়ের ভিত্তিতে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করা হয়। ওই ঘটনায় মো. রাসেল গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিশি মামলায় আরও উল্লেখ করা হয়েছে, বাদী প্রথমে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের চেষ্টা করলেও পুলিশ মামলা গ্রহণ করেনি। পরে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হলে তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ নালিশি মামলা দায়ের করেন।
মামলার নথিতে সাক্ষী হিসেবে বাদী সারদার সেলিম আলী, নিহত রাসেলের পিতা মো. আবুল হাওলাদার এবং মাতা রাশেদা বেগমের নাম উল্লেখ করা হয়েছে। প্রয়োজন হলে আরও সাক্ষী উপস্থাপন করা হবে বলেও নথিতে বলা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, সালমান এফ রহমান, আনিসুল হক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী ও সমর্থক।
আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ১৬ জুলাই ২০২৬ তারিখ ধার্য করেছেন।




















